দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। আগের তুলনায় দেশে গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। একই সময়ে মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ রোগে প্রথম মৃত্যু হয়। এরপর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৪৪ জনের।





