বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ আতঙ্ক বাংলাদেশেও ছড়িয়ে রয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টায় নেত্রোকাণার কলমাকান্দা উপজেলা প্রশাসন এ নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশের তো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য বিদেশ থেকে আসা সকল ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের সরকার কর্তৃক নির্দেশিত হোম কোয়ারেন্টাইন নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ সকলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ বাসায় অবস্থান করতে হবে। কোনভাবেই বাড়ির বাইরে চলাফেরা করা যাবে না। এমনকি রাজনৈতিক, সামজিক, সভা-সমাবেশ,পর্যটন স্পটগুলোসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। এ উপজেলার মানুষ মধ্যপ্রাচ্যসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে। অনেকেই দেশে ফিরছেন। করোনা প্রতিরোধে জনসচেতনতার জন্য আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ আল মামুন বলেন, আজ শুক্রবার পযন্ত করোনা ভাইরাস সন্দেহে বিদেশ ফেরত নারী-পুরুষ ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের নিয়ে আতঙ্কিত হবেন না। আমরা জনসাধারণকে সচেতনতার জন্য প্রচার কাজ চালিয়ে যাচ্ছি।





