করোনা শনাক্তে আসছে আরো ১ লাখ কিট

প্রতীকী ছবি

জাতীয়

করোনা শনাক্তে আসছে আরো ১ লাখ কিট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার লক্ষ্যে গতকাল চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে ২ হাজার নতুন কিট। আর অল্প সময়ের মধ্যে নতুন ১ লাখ কিট দেশে এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শিগগিরই ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে এই পরীক্ষা সম্প্রসারণ করা হবে। ঢাকার বাইরে কেবল বরিশাল বিভাগ ছাড়া প্রতিটি বিভাগে এই পরীক্ষা করার সুবিধা রয়েছে। এ ছাড়া ১৬টি অতিরিক্ত পিসিআর মেশিন সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপোকে (সিএমএসডি)। তার মধ্যে সাতটি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। ব্যাকআপ সাপোর্ট নেওয়ার জন্য সব জায়গায় অতিরিক্ত পিসিআর মেশিন রাখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের জন্য ১০ লাখ পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) সংগ্রহ করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ পিপিই দেওয়া হয়েছে, সিএমএসডি ১০ হাজার পিপিই সংগ্রহ করেছে।

এদিকে করোনা ভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের জন্য প্রয়োজনীয় রি-অ্যাজেন্ট আমদানির অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার সাবরিনা আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা সরকারের অনুমোদন পেয়েছি। আগামী ১ সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে কাঁচামাল দেশে পৌঁছাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা কিট উৎপাদনে যাব। কিট উৎপাদনের কাঁচামাল চীনের কাছেও আছে। তবে চীন বাণিজ্যিকভাবে কিট উৎপাদনের জন্যে কাঁচামাল বিক্রি করবে না বলে জানিয়েছে।’ আশা করা হচ্ছে, গণস্বাস্থ্য কেন্দ্র উৎপাদন শুরু করলে দেশে কিট নিয়ে কোনো সংকট থাকবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads