ঝালকাঠিতে দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার (২১ মার্চ) বেলা ১২টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এহসানউল্লাহ নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন।
এ সময় যেসব পথচারী মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন পুলিশের এ প্রচারণা টিম। এছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
জেলা পুলিশের এ কার্যক্রমে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ সালেক, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ বলেন, দেশে দ্বিতীয় বারের মতো করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশের এ উদ্যোগ গ্রহণ করেছে। করোনা সংক্রমণ রোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।





