করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন এক বাংলাদেশি নারী। তিনি জ্বর ও শ্বাসকষ্টসহ একাধিক উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারে কলকাতা এয়ারপোর্টে পৌঁছান। বিমানবন্দরে চেকআপে তার জ্বর ও শ্বাসকষ্ট ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ইন্দোনেশিয়া-ফেরত আরেক যুবককে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। ভগবানপুরের ওই যুবকের শরীরেও করোনা ভাইরাসের একাধিক উপসর্গ দেখা গেছে।
ইতোমধ্যে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুত ছড়িয়ে পড়লেও করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভারত করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সংসদে এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, করোনা ভাইরাস নিয়ে অযথা ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।





