মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ১০১টি পরিবার ঘর পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন। এর অংশ হিসেবে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা -১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মো. বুলবুল হোসেন ও ইউপির জনপ্রতিনিধিসহ রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
ইউএনও মো. সোহেল রানা স্থানীয় সাংবাদিকদের জানান , " আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার " প্রতিপাদ্যে কর্মসূচির আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার কলমাকান্দা সদর ১৫টি , লেংঙ্গুরা ১৭টি , খারনৈ ১৭টি , রংছাতি ১৭টি , বড়খাপন ১৮টির, কৈলাটি ১৩টি , পোগলা ২টি ও নাজিরপুর ইউনিয়নে ২টি করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০১টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। এ ঘরপ্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা।





