নেত্রকোণার কলমাকান্দায় সীমান্তবর্তী এলাকায় থেকে চিতাবাঘের একটি শাবক উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল মালেক এর বাড়ির পিছনের নির্জন জঙ্গল থেকে এলাকাবাসী চিতাবাঘের একটি শাবক উদ্ধার করে। বাঘের শাবক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে দুপুর সাড়ে ১২ টায় ইউএনও মো. সোহেল রানা নির্দেশে থানা পুলিশের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক শাবকটি উদ্ধার করে কলমাকান্দা প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসেন। পরে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডাঃ মো. ফারুক হোসেন বলেন পরীক্ষা-নিরীক্ষা করে বলেন এ শাবকটি চিতাবাঘের বলে ধারণা করা হচ্ছে। এ শাবকটি এখন সুস্থ ও ভালো আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. সোহেল রানা জানান মঙ্গলবার সকালে চিতা বাঘের শাবকটিকে ওই গ্রামের কৃষক সাইফুল আব্দুল মালেক এর বাড়ির পিছনের নির্জন জঙ্গল কাঁঠাল গাছের উপরে দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে বাঘের শাবকটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শাবকটি জঙ্গলের পাশেই মঙ্গলেশ্বরী পাহাড়ি নদীতে ঝাঁপ দেয়। একপর্যায়ে লোকজন নানা কৌশলে বাঘটিকে উদ্ধার করে। পরে বাঘের শাবকটিকে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের হেফাজতে রাখা হয়েছে। ওই শাবকটিকে নেত্রকোণায় বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে।





