নেত্রকোণার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে ওমর সানি নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিশাত তাসনিম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই গ্রামের মৃত উজ্জ্বল মিয়া ও ঝুমা বেগমের একমাত্র সন্তান সে। ওই শিশুকে জম্মের পর থেকে নানী ও বড় মা লালন পালন করেন। মা পেটের দায়ে টাঙ্গাইল এলাকায় বাসা বাড়িতে কাজ করেন।
শিশু ওমর সানির বড়মা রহিমা জানান, যোহরের নামাজের আগে আমার বসতঘরে বারান্দা বসে আমি কোরআন শরিফ নিয়ে সুরা ইয়াছিন পড়তে ছিলাম। ঘরে চৌকিতে বসাছিল আমার মেয়ে ওই শিশুর নানী রেজিয়া। তখন আমার পাশে কিছুক্ষণ দাড়িয়ে ঘরে ওর নানী রেজিয়ার কাছে যাই। এরপর আমাদের অজান্তেই বাড়ীর পিছনের ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে বাড়ীর পিছনের ডোবার পানির নীচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ আবদুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে হাসপাতাল থেকে শিশুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে শিশু ওমর সানির লাশ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।





