পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকার একটি বাসা থেকে পাঁচ মাসের অন্তঃসত্বা গৃহবধু শিরিনের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে পারিবারিক কলহের কারনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত শিরিনের ভাই নান্নু হাওলাদার জানান, দুই বছর আগে আমতলীর বান্দ্রা এলাকার ট্রলি চালক মিঠু সিকদারের সাথে শিরিনের বিয়ের হয়। বিয়ের পর সে শ্বশুড় বাড়ি থাকলেও পারিবারিক কলহের কারনে দুই মাস আগে কলাপাড়ায় ভাড়া বাসায় ওঠে। সে পাঁচ মাসের অন্তঃসত্বা ছিলো। তাদের অভিযোগ তার বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহত গৃহবধুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান।





