কাউখালীর সন্ধ্যানদীর মোহনা থেকে অবৈধভাবে স্পিডবোট যোগে পাচারকালে সাড়ে ৬ লক্ষ টাকার মূল্যের গলদা চিংড়ির ৩ লক্ষ রেনু পোনা সহ ৭ পাচারকারীকে আটক করেছে কোষ্টগার্ড।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদেরকে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা প্রত্যেকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
আটককৃতরা হলো মেহেন্দীগঞ্জ উপজেলা রমিজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৫), একই উপজেলার আয়নার শিকদারের ছেলে ইউসুব আলী (৩৮), একই উপজেলার বাছেদ সরদারের ছেলে মোঃ আলী (৩০), একই উপজেলার মানিক হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৫) ভোলা রাম গঞ্জ গ্রামের সুলতান বেপারীর ছেলে আলামীন বেপারী (৩০), ভোলা রাম দাস পুরের কাশেম আলীর ছেলে রাজিব হোসেন (২৫), একই গ্রামের একই জেলার আঃ আজিজের ছেলে কামরুল হোসেন (২৮) ।
জানাযায়, ভোরে পাচারকারী চক্রটি মেহেন্দীগঞ্জের মনির ঘড়ামির আড়ৎ থেকে ওই রেনু পোনার চালান নিয়ে খুলনা জেলার ফকির হাটের মনির মিয়া আড়ৎ দারের নিকট পৌঁছে দেওয়ার জন্য একটি ট্রলারে করে মেহেন্দীগঞ্জ থেকে নদী পথে খুলনা যাওয়ার সময় সন্ধ্যানদীর মোহনায় কোষ্টগার্ড স্পিডবোটটি আটক করে ড্রামে ভর্তি গলদা চিংড়ি অবৈধ রেনু পোনা জব্দ করে। পরে জব্দকৃত পোনা কাউখালীর সন্ধ্যা নদীতে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিভূষন পাল ও কোষ্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।





