নিজের গায়কী দিয়ে শ্রোতাদের মন কেড়েছেন স্বপ্নীল সজীব। পাশাপাশি চলতি বছরে অনেক স্টেজ শোতে একসঙ্গে স্বপ্নীল সজীব ও প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী তামান্না প্রমি একসঙ্গে সংগীত পরিবেশন করার কারণে স্টেজ শোতেও তারা অঘোষিত এক জুটিতে পরিণত হয়েছেন। যে কারণে এই সময়ের সংগীতশিল্পীদের মধ্যে জুটি হিসেবে স্বপ্নীল সজীব ও তামান্না প্রমির নাম চলে আসে আলোচনায়। এই জুটিই এবার প্রথমবারের মতো কানাডাতে যাচ্ছেন স্টেজ শোতে পারফর্ম করতে।
সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই তাদের কানাডার উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে বলে জানান স্বপ্নীল ও প্রমি। কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্সের নিমন্ত্রণে থার্টি ফার্স্ট নাইটে কানাডার ‘কেনিডি কনভেনসন সেন্টারে’ স্বপ্নীল ও প্রমি সংগীত পরিবেশন করবেন। এর আগে আরো চারবার কানাডাতে শো করতে গিয়েছিলেন স্বপ্নীল সজীব। এ নিয়ে পঞ্চমবারের মতো তার কানাডায় শো করতে যাওয়া। তবে প্রমি এবারই প্রথম শো করতে কানাডা যাচ্ছেন। তাই তার কাছে কানাডায় শো করতে যাওয়ার বিষয়টি অনেক আনন্দের এবং উচ্ছ্বাসের।
তামান্না প্রমি বলেন, ‘খুব ছোটবেলা থেকেই আমি গান করি। কিন্তু এই গান করতে করতে একটা সময় যে দেশের বাইরে বিশেষ কানাডাতেও স্টেজ শোতে পারফর্ম করতে পারব, এটা আসলে কখনোই কল্পনা করিনি। কানাডাতে পারফর্ম করতে যাচ্ছি, বিষয়টি আমার কাছে এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমার কাছে বিশ্বাসই হচ্ছে না। অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই আমার বন্ধু প্রিয় স্বপ্নীল সজীবকে। কারণ তার সঙ্গে একসঙ্গে পথচলা শুরুর পর থেকে আমি আমার সংগীত ক্যারিয়ারকে আরো ত্বরান্নিত করতে পারছি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও স্টেজ শোতে পারফর্ম করতে পারছি। এ জন্য কৃতজ্ঞ অবশ্যই স্বপ্নীল সজীবের কাছে। আর কানাডাতে প্রথমবারের মতো স্টেজ শোতে পারফর্ম করার সুযোগ করে দেওয়ার জন্য আরিফ রহমান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।’
স্বপ্নীল সজীব বলেন, ‘এর আগেও আমি কানাডাতে গান গাওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে গিয়েছিলাম। তখন আসলে একা একাই গিয়েছিলাম। কিন্তু এখন অনেক অনেক বেশি ভালো লাগার বিষয় হচ্ছে যে, আমারই প্রিয় বন্ধু প্রমিও আমার সঙ্গে যাচ্ছে। চলতি বছরের শেষটা এবং নতুন বছরের শুরুটা আমাদের দুই বন্ধুর দারুণ কাটবে, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আরিফ রহমান ভাইকে আমাদেরকে এমন একটি শোতে পারফর্ম করার সুযোগ করে দেওয়ার জন্য।’
স্বপ্নীল ও প্রমি জানান টানা দুই ঘণ্টারও বেশি সময় তাদেরকে স্টেজ শোতে পারফর্ম করতে হবে। এই শোর নাম দেওয়া হয়েছে ‘সিবিসি প্রেজেন্টস নিউ ইয়ারস ইভ ২০২০ ফ্যামিলি নাইট’। কানাডা থেকে নতুন বছরের প্রথম সপ্তাহে দেশে ফিরে পরের সপ্তাজে স্বপ্নীল ও প্রমি কলকাতায় আরেকটি শোতে অংশ নিতে যাবেন। দুজনই জানান নতুন বছরে দুজনই দ্বৈত কিছু মৌলিক গান শ্রোতা দর্শককে উপহার দেবেন।





