তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর আতঙ্কে হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। খবর: রয়টার্স।
সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, গুলির আঘাতে না হুড়োহুড়ির কারণে ওই পাঁচ জন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। আরেক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি পাঁচ জনের মরদেহ গাড়িতে তুলতে দেখেছে।
উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। কাল সকাল থেকে কাবুল বিমানবন্দরে কয়েক লাখ মানুষ ভিড় করছেন। অনেকে বিমানে চড়তে পারলেও এখনও বহু মানুষ অপেক্ষা করছেন সেখানে।





