কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ কেন্দ্রেীয় পাঠাগার প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলা ও অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের করেন সংসদ সদস্য আখতারউজ্জামান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানের পরিচালনায় প্রধান অতিথি ও সভাপতিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়য়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৯টি স্টল অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে দুই মাধ্যম থেকে ৩টি করে ৬টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫ জন করে ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।





