কাহালু ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্র সহ সাগর সরদার (১৯) নামের এক যুবককে কাহালু থানা পুলিশ গ্রেফতার করেছে। ১২ ফেব্রুয়ারি সোমবার বিকেল আনুমানিক ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এরইল বাজার হতে সাগরকে অস্ত্র সহ পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এসময় তার কাছ থেকে ১টি ধারালো চাপাতি ও ১টি পাইপগান উদ্ধার করা হয়। সে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের জাহিদুর সরদারের ছেলে। সাগর এরইল বাজারে অবস্থিত হাসান পেপার মিলে কাজ করতো। সাগর জানায়, ঐ দিন বিকেলে কাজ শেষে ঐ পেপার মিলের দক্ষিণে ৩শ গজ দুরে এরইল বাজারে হতে কলমা গামী পাকা রাস্তার উপর ইউসুফ আলী নামের এক ব্যক্তি তাকে ব্যাগে করে এসব অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। এ সময় পুলিশ তাকে আটক করে।
কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কাহালু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।





