সারা দেশ

কিশোরগঞ্জে পোষা হাতির আক্রমণে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

  • ''
  • প্রকাশিত ২ জুলাই, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায় হাতির আছাড়ে গুরুতর আহত হয়ে মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামে এক ফার্মেসি মালিক চিকিৎসাধীন অবস্থায় মারা মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মো. মাসুদুর রহমান মিস্টন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি কাজের সূত্রে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এতিমখানা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন।

জানা যায় সোমবার (১ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ডে নিজের মালিকানাধীন ফার্মেসিতে তিনি হাতির আক্রমণের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ওখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার (২ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্র জানাযায় সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ডে নিজের মালিকানাধীন এআর ফার্মা নামক ফার্মেসিতে মো. মাসুদুর রহমান মিস্টন বসেছিলেন। এ সময় একটি হাতি তার ফার্মেসিতে গিয়ে টাকার জন্য শুঁড় এগিয়ে দিলে মো. মাসুদুর রহমান মিস্টন ১০ টাকা দেন।

টাকা পেয়ে হাতিটি সামনে কিছুটা এগিয়ে যাওয়ার পর চাঁদা নিয়ে এক দোকানির সঙ্গে বচসা হয়। এ সময় শোরগোল শুনে মো. মাসুদুর রহমান মিস্টন ফার্মেসি থেকে বের হলে ক্ষিপ্ত হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে এনে ফার্মেসির সামনে সজোরে আছাড় মারে। এতে পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান মো. মাসুদুর রহমান মিস্টন।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান এ ঘটনায় হাতিসহ মাহুত রিয়াজকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ।এই বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads