কুমিল্লার দেবীদ্বারের বিহারমন্ডল বাজারে একটি ব্যাগ থেকে বোমা তৈরীর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত গভীর রাতে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট এবং সিআইডির একটি টিম সেখানে এসে বোমা তৈরীর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
আজ সোমবার সকালে ঘটনা তদন্তে পুলিশ ও সিআইডি’র একটি তদন্ত দল পুনরায় ঘটনাস্থলে গিয়েছে।
স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে দেবীদ্বারের বিহারমন্ডল বাজারে হঠাৎ ২টি বিস্ফোরনের আওয়াজ শুনে লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে সেখানে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশের খবর দেয়া হয়।
দেবীদ্বার থানা অফিসার (ওসি) জহিরুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশের দেবীদ্বার- বি-পাড়া সার্কেল সহকারি পুলিশ সুপার মো. আমিরুল্লাহ’র নেতৃত্বে আমরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেই। খবর দেয়া হয় বোম ডিসপোজাল ইউনিটেকে। রাত ২টার দিকে ঢাকা বোমা নিস্ক্রয়কারী দল এবং সিআইডির একটি টিম সেখানে এসে বোমা তৈরীর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে, তবে আগে ২টি বিস্ফোরনের কোন আলামত পাওয়া যায়নি।
বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা জানান, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা শক্তিশালী বোমা তৈরীর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এদিকে পুলিশ ও সিআইডির একটি তদন্ত দল পুনরায় সোমবার সকালে ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে।





