কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের কটক বাজারে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে এর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
১৯৭১ সালে ৯ই মে ২ নম্বর সেক্টরের অধীনে গোমতী নদীর পাশে কটক বাজারের ঐ স্থানে ক্যাপ্টেন রেজাউুল আহমেদের নেতৃত্বে মুক্তি বাহিনীর ডিফেন্সের সাথে পাক বাহিনীর ৩১ পান্জাব ও ৩৯ বেলুচ রেজিমেন্টের এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে পাক বাহীনির ১৬০-১৭০জন নিহত হয় এবং মুক্তিযোদ্ধা ৭ জন শহীদ হন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে এবং জেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত স্মৃতিসৌধে ৩৬জন জীবিত ও শহীদ মুক্তিযোদ্ধার নাম লেখা হয়েছে। বিশিষ্ট শিল্পী উত্তম গুহ এ স্মৃতি সৌধের নকশা ও নির্মান সম্পন্ন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরীসহ আরো অনেকে।





