কুমিল্লায় মহাসড়কে যে কোনো ধরনের চাঁদাবাজি বন্ধ করতে মাঠে নেমেছে হাইওয়ে পুলিশ।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ করতে ক্যাম্পেইন করেছে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন। বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক ও কর্মচারিদের সাথে মত বিনিময়ে মাধ্যমে চাঁদাবাজি প্রতিরোধে সচেতনতা তৈরি করা হচ্ছে।
এছাড়া করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চালানো এবং যাত্রী পরিবহন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। চাঁদাবাজি ও স্বাস্থ্যবিধি লংঘনের যে কোন ধরনের অভিযোগ সরাসরি নিকটস্থ হাইওয়ে পুলিশের থানা বা ফোনে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সাথে কেন্দ্রীয়ভাবে সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। বিশেষ করে করোনাকালীন সময়ে যাত্রী ও পণ্য পরিবহনে যে কোন ধরনের চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।





