কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মনু নদীর ভাঙন রোধে ব্লক দিয়ে স্থায়ীভাবে বাঁধ মেরামতস বিভিন্ন দাবিতে আজ শনিবার এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মনু তীরের রাজাপুর, কলিরকোনা, সুজাপুর ও ছৈদল বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এলাকাবাসী প্রথমে ছৈদল বাজার থেকে সুজাপুর এবং কলিরকোনা এলাকায় মিছিল করে। মিছিল শেষে ছৈদবাজার মসজিদের পেছনে মনু নদীর প্রতিরক্ষা বাঁধে মানববন্ধন করেন। এলাকার বাসিন্দা ও কুলাউড়া সরকারি কলেজের শিক্ষক মোশাররফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কমরেড প্রতাপ সিংহ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার কায়ছুল, মহসীন, আপ্তাব আলী, ব্যবসায়ী মো. চিনু মিয়া, আব্দুল আহাদ, সৈয়দ মো. আলী ও ছাত্রনেতা ফয়জুল হক প্রমুখ।
মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত মেরামত করতে হবে। সেই মেরামত কাজ ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে করতে হবে। বাজার ও মসজিদ রক্ষার স্বার্থে ছৈদল বাজার এলাকায় মনু নদী থেকে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে হবে। অন্যথায় এলাকার মানুষ দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে প্রয়োজনে ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।





