কুষ্টিয়া প্রতিবেদক:
সামাজিক দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়ার হাতিয়ায় স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার(১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল বিশ্বাস একই এলাকার আফতাব বিশ্বাসের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) তাপস কুমার সরকার। তিনি বলেন,রাতে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বকুল নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে,কয়েকদিন আগে নিহত বকুল বিশ্বাসের চাচি মারা যান। তিনি নি:সন্তান ছিলেন। চাচির চল্লিশায় অন্যান্য চাচাতো ভাইরা বড় করে আয়োজন করে তাদের সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলে। এতে বকুল বিশ্বাস ও তার পরিবারের লোকজন অপরাগতা প্রকাশ করে। গত শনিবার বকুল র তাদের সমাজের লোকজন নিয়ে চাচির চল্লিশার কাজ শেষ করে। এরই জের ধরে রাতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ৬নং ইউপি সদস্য শাহিন আক্তার জানান,রাত এশার নামাযের পর আমরা স্থানীয় চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাস সহ তার ২০-২৫ সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বকুলসহ ৮ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বকুল বিশ্বাস কে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ইসলামী বিশ্ববদ্যালয় (ইবি) থানার এস আই মেহেদী হাসান বলেন,দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।





