কেমিক্যাল কারখানা অপসারণ : ২১ বাড়ির গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সংগৃহীত ছবি

জাতীয়

কেমিক্যাল কারখানা অপসারণ : ২১ বাড়ির গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

রাসায়নিকের কারখানা ও গুদাম অপসারণের অভিযানে পুরনো ঢাকার ইসলামবাগ ও শহীদনগর এলাকার ২১টি বাড়ির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী পুরনো ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা অপসারণকল্পে গঠিত টাস্ক ফোর্সের অভিযানে এসব বাড়ির সংযোগ বিচ্ছন্ন করা হয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

তিনি বলেন, পুরনো ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল, প্লাস্টিক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের কারখানা ও গোডাউন অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশে আজ থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।

অভিযানকালে কমিটির সদস্যরা ছাড়াও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মো. মোস্তফা কামাল মজুমদার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরিফ আহমেদের নেতৃত্বে ২৯ নম্বর ওয়ার্ডসহ ইসলামবাগ এলাকার অভিযানে হোল্ডিং নম্বর ১২/১১, ১২/৪, ১৫/১, ৪৩/৪/এ, ৪৫, ৭০/৩, ৭৪/২, ৭৫/২, মোট ৮টি এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেনের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ডস্হ শহীদনগর এলাকার পরিচালিত অভিযানে ৩৫, ৪৩/১, ৪৩/১/এ, ৪৬, ৪৭, ৪৮(২টি), ৭৬, ৭৮/১, ৭৯/১, ৮১, ১৩৫/এ,১৪৪/এ মোট ১৩টিসহ সর্বমোট ২১ টি হোল্ডিং এর গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

হোল্ডিং মালিকদের আগামী শনিবারের মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরিয়ে নিলে রোববার গ্যাস, পানি ও বিদ্যুৎ এর পুন:সংযোগ দেয়া হবে।

অভিযানের সময় ডিএসসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস, বিস্ফোরক অধিদফতর, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঢাকা ওয়াসা, ডিপিডিসিসহ মোট ১০টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads