কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা আজ

পূর্ণিমা আজ

সংগৃহীত ছবি

বাংলাদেশ

কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ অক্টোবর, ২০১৮

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা আজ। দুর্গাপূজার পরেই সৌভাগ্য ও ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পূজা। দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পূজা হয়ে থাকে। দেবী দুর্গার বিদায়ের বার্তা ভুলে আজ আবার আনন্দে মেতে উঠবে হিন্দু ধর্মাবলম্বীরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন মঠ, মন্দির ছাড়াও হিন্দু পরিবারের প্রতিটি ঘরে ঘরে অনুষ্ঠিত হবে কোজাগরী লক্ষ্মীপূজা। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা দিনটিকে প্রবারণা পূর্ণিমা নামে উদ্যাপন করবেন।

দেবী লক্ষ্মী আসবেন ধন-সম্পদে পূর্ণবতী হয়ে। অন্নপূর্ণার আলতা রাঙা পায়ের চিহ্ন আঁকা হবে ঘরে ঘরে। ধন-সম্পদের আশায় হিন্দু নারী ও পুরুষরা আজ উপবাস ব্রত পালন করবেন। ফুল ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করবেন লক্ষ্মী মায়ের। দেবেন পুষ্পাঞ্জলি। প্রার্থনা করবেন- এসো মা লক্ষ্মী বস ঘরে/আমারি ঘরে থাক আলো করে। সনাতনী বিশ্বাস মতে, আজ রাতে দেবী লক্ষ্মী ধন-সম্পদ দিতে যেকোনো সময় ঘরের দ্বারে এসে ‘কো জাগর্তি’ বলে ডাক দেবেন। জেগে থাকা মানুষেরাই এ ধন লাভের অধিকারী হয় বলে ব্রতকারীরা এ জন্য আজ সারা রাত জেগে থাকবেন দেবী লক্ষ্মীর ডাকের প্রতীক্ষায়।

হিন্দুশাস্ত্র মতে, দেবী লক্ষ্মী দ্বিভূজা। লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর পত্নী। তাঁর অপর নাম মহালক্ষ্মী। বাহন পেঁচা। লক্ষ্মীপূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। ‘কোজাগরী’ শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে। যার অর্থ ‘কে জেগে আছো?’ দেবী লক্ষ্মী শুধু ধনই দেন না। ষোলো প্রকার সম্পদ প্রদান করেন তিনি- খ্যাতি, জ্ঞান, সাহস ও শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রত্নরাজি, শস্য, সুখ, বুদ্ধি, সৌন্দর্য, উচ্চাশা, উচ্চভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন। এককথায় লক্ষ্মীপূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। বাংলাদেশে চান্দ্র আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। এ ছাড়া প্রতি বৃহস্পতিবার বিবাহিত স্ত্রীরা ঘরে লক্ষ্মীপূজা করে থাকেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads