স্বাধীনতার মাসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক নামঞ্জুর এবং দ্বিধাবিভক্ত সিন্ধান্তর তালিকায় নাম থাকা ও হয়রানির প্রতিবাদে ১৪৪জন বীর মুক্তিযোদ্ধা এ মানববন্ধন করেন।
আজ বৃহস্পতিবার উপজেলার টুপুরিয়া গ্রামে নির্মিত হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘরের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন।
এসময় দ্রুত সময়ের মধ্যে এই মুক্তিযোদ্ধাদের কমিটির সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত তালিকায় রাখা না হলে তারা আত্মহুতি দিবেন বলে ঘোষণা দিয়েছেন।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, সিরাজুল ইসলাম, মোমেনা বেগম, রমজান আলী, আব্দুল আজিজ, শেখ আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ দাড়িয়া বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যাচাই বাছাইয়ের নামে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারকে হয়রানি করা হয়েছে। যাচাই বাছাইয়ের তালিকায় নাম থাকা ৩৩৬জনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেওয়া হয়েছে। যাচাই বাছাইয়ের এই কমিটি এক এক জন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে দেড় লাখ টাকা থেকে ৫লাখ টাকা পর্যন্ত নিয়েছে। আমরা পূণরায় যাচাই বাছাইয়ের দাবি জানাচ্ছি।





