জাতীয়

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, রিমান্ডে সুজন

  • ''
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে আটক হওয়া সুজনকে (৩৪) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত এই আদেশ দেন।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, সুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হবে।

এর আগে, শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে সুজন প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আটক সুজনকে ভাটারা থানায় সোপর্দ করা হয়।

সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। সুযোগ পেয়ে একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন তিনি। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ সুজনকে তাৎক্ষণিকভাবে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। আটক সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকায় ছোহরাবের ছেলে।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম জানান, সুজন নামের ওই ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এ জন্য তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads