রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
আজ সোমবার সকাল পৌনে ১০টায় এ সমাবেশ শুরু হয়। এদিকে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই শত শত নেতাকর্মী বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে।
এদিকে প্রেসক্লাবের সামনের রাস্তায় সমাবেশের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে সমাবেশস্থল প্রকম্পিত করছেন।
এরই মধ্যে বিএনপির মহানগর ও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা আছে। এ ছাড়া উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।





