আইন, বিচার ও সংসদ বিষয়মন্ত্রী আনিসুল হক বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব বেগম খালেদা জিয়ার জন্য তা করা হয়েছে। ভুলে গেলে চলবে না বাংলাদেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া দরকার তা দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি যদি বিদেশও থেকে ডাক্তার আনতে চায়, আনতে পারে। তারা যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে সরকার কোন বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। আমরা সকলেই গণতন্ত্রে বিশ্বাস করি। যার যে পদে ইচ্ছুক সে নির্বাচন করতে পারবে। কারকতটুকু জনসমর্থণ আছে সেই জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। একজন আরেকজনের ক্ষতি করার জন্য ও জনপ্রিয়তাকে হারানোর জন্য নির্বাচনে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে সেটা গ্রহন করা হবে না। আপনারা যারা নির্বাচন করতে চান আমার কোন আপত্তি নেই। তবে জনসমর্থনের বিষয়টা মনে রাখতে হবে। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। মন্ত্রী আরও বলেন জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচনে কোন কারচুপি করার সুযোগ দেওয়া হবে না। শৃঙ্খল ও সুষ্ঠু নির্বাচন করা হবে। নির্বাচনকে কেন্দ্র কোন বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্ধিত সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, মো. সেলিম ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদ সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
এসময় উপজেলার ইউনিয়নর সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের তৃণমুলের নেতাকর্মীরা স্বত:স্ফুর্ত ভাবে উপস্থিত ছিলেন।





