নাশকতার ৩ মামলা ও মানহানীর একটি মামলা স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
ব্যারিস্টার এহসানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই চার মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে, আপিল বিভাগ রুল নিষ্পত্তির দিন-তারিখ এখনো উল্লেখ করেননি।
এই চার মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার তিনটি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের মামলা রয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে বেগম জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়।
এ নিয়ে বিএনপি নেত্রীর ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।





