বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। আজ রোববার রাত ৭টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানোনো হয়।
চিকিৎসকরা জানান, লিভার সিরোসিসের কারণে রক্তক্ষরণ হচ্ছে। একবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেছে। তবে দ্বিতীয়বার সামাল দেওয়া কঠিন হবে।
মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ভারতীয় উপমহাদেশে নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে এই চিকিৎসা সম্ভব।
খালেদা জিয়াকে সাধ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
লিভার সিরোসিস এমন একটি রোগ, যার ফলে লিভার বা যকৃৎ তার স্বাভাবিক কাজগুলো, যেমন বিপাক ক্রিয়া, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি, ওষুধ ও রাসায়নিকের শোষণ, খাদ্যের পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা ইত্যাদি করতে পারে না। লিভার সিরোসিস হলে লিভার বা যকৃতে সূক্ষ্ম সুতার জালের মতো ফাইব্রোসিসের বিস্তার ঘটে। যকৃতে তখন ছোট ছোট দানা বাঁধে। আস্তে আস্তে সেটির বিস্তার ঘটতে থাকে।
ফাইব্রোসিস ছড়িয়ে পড়লে সেখানে আর লিভার নিজেকে পুনরুদ্ধার করতে পারে না, ফলে লিভার সংকুচিত হয়ে পড়ে।
১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই সময় থেকে তার শরীরে তিন দফায় রক্তক্ষরণ হয়েছে। আবার রক্তক্ষরণ হলে তার মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে বলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, অধ্যাপক ডা. কিবরিয়া মহসিন, অধ্যাপক ডা. শামসুল আরেফিন, অধ্যাপক ডা. মোঃ নুরুদ্দিন ও ডা. আল মামুন উপস্থিত ছিলেন।





