গাজীপুরের শ্রীপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐক্যফ্রন্টের গণসংযোগকালে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অন্য নেতাকর্মীতের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাশকতার অভিযোগ রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির এ আসনের সদস্য সচিব ছিলেন শাহজাহান ফকির।
বিএনপি নেতা-কর্মীরা জানান, আজ শুক্রবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ ইকবাল সিদ্দিকীর পক্ষে বিপুল সংখ্যাক নেতা-কর্মী নিয়ে গণসংযোগ করছিলেন শাহজাহান ফকির। এ সময় সাদা পোশাকে শ্রীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান তাকে গ্রেফতার করে নিয়ে যায়। শ্রীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার (শাহ্জাহান ফকির) বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর ৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী বলেন, ‘ধানের শীষের পক্ষে মানুষের আগ্রহ আর গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে। ভোটে হেরে যাওয়ার ভয়ে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের গণগ্রেফতার করছে সরকার’। অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী অভিযোগ করেন, মাঠছাড়াসহ নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য কোনো প্রকার গ্রেফতারী পরোয়ানা ছাড়াই নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। তিনি জানান, গ্রেফতার হওয়া শাহজাহান ফকির উপজেলা বিএনপির সভাপতি ও তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, ‘শাহজাহান ফকির শ্রীপুরসহ গাজীপুরের একাধিক থানায় দায়ের হওয়া কয়েকটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। নাশকতা মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আরেক বিএনপি নেতা নয়েছ ও ছাত্রদল নেতা পারভেজকে গ্রেফতার করা হয়েছে’।





