নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যাকারীরা দেশ থেকে পালিয়ে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নই আমরা।
সোমবার (১২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে বিএনপি।
বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠকে অংশ নিতে যমুনায় উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে, এ প্রসঙ্গে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এসেছি। এখানে অনেক বিষয়ে আলোচনা হবে। আমাদের কাছে কোনও পরামর্শ চাইলে দেবো। আসলে এটা একটা সৌজন্য সাক্ষাৎ।’
জানা গেছে, সন্ধ্যা ৬টায় চারটি দলের সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। দলগুলো হচ্ছে- এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদ (একাংশ)। এরপর সাড়ে ৭টায় সিপিবি ও বাসদের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস।





