স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৫ মার্চ গণহত্যার রাত ৯টা থেকে দেশব্যাপী এক মিনিট ব্ল্যাক আউট পালন করা হবে। এ সময় শুধু কেপিআই (সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা) এই নির্দেশনার বাইরে থাকবে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২৫ মার্চ এবং ২৬ মার্চ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সারাদেশে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যরা যেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপদে যেতে পারে তার জন্য রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিদেশি কূটনীতিকদের স্মৃতিসৌধে যাওয়ার সময়ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
কামাল বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা যেন যথাযথভাবে উড়ানো হয় এবং পতাকার মাপ ও রঙ যেন ঠিক থাকে তা মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন ২৬ মার্চের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে । সেখানেও থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
২৬ মার্চ উপলক্ষে হাসপাতাল কারাগার বৃদ্ধাশ্রমে ভালো খাবার ব্যবস্থা রাখা হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি রিপোর্ট কবে দেওয়া হবে জানতে চাইলে, তিনি বলেন তদন্ত রিপোর্ট খুব স্বল্প সময়ের মধ্যে দেওয়া হবে । এর মধ্যে তদন্ত কাজ প্রায় শেষ হয়ে গেছে।
চকবাজার পুরান ঢাকা এলাকায় কেমিক্যাল কারখানা সরানোর অভিযানের সময় ব্যবসায়ীরা বাধা দিচ্ছে এই বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাধা দিলেও তাদের সড়ানো হবে।
তিনি বলেন, পুরান ঢাকায় কেমিক্যাল কারখানা সড়ানোর নীতিমালা তৈরি করা হচ্ছে এই নীতিমালার মুখ্য ভূমিকা পালন করবে ঢাকা দক্ষিণের মেয়র এবং সেই সিদ্ধান্ত নিবেন কোথায় কোন জায়গায় আবাসিক এলাকা ও অন্যান্য প্রতিষ্ঠান থাকবে।





