গলাচিপার উলানিয়া বন্দরে চারটি দোকান আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে।
আজ মঙ্গলবার ভোর রাতে কোন এক সময় বিদ্যুতের শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের গলাচিপা ইউনিটের সাব অফিসার মো. কামাল হোসেন। এতে ক্ষতি হয়েছে কম পক্ষে কোটি টাকার। প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগী সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গলাচিপা উপজেলার উলানিয়া বালুর মাঠ মার্কেটে তিনটি মাছের আড়ৎ ও একটি মুদি মনোহরী দোকানে মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় বিদ্যুতের শর্টসার্কিটের কারণে মাছের আড়ৎ ও মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়। এতে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেনের দোকান থেকে এ আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, সায়েম মৎস্য আড়ৎ, আল্লাহর দান মৎস্য আড়ৎ, আবুল হোসেনের মুদি ও মনোহরী দোকান এবং শাহ আলমের রিং স্লাবের দোকান।
এ প্রসঙ্গে গলাচিপা ফায়ার সার্ভিস ইউনিটের সাব অফিসার মো. কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যাই। প্রায় সোয়া ঘণ্টা পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাশের আবুল হোসেনের মুদি ও মনোহরী দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছেএ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, খবর পেয়েছি। আমরা আজ মঙ্গলবার ঘটনাস্থল দুর্ঘটনা কবলিতদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার ব্যবস্থা করছি।





