সারা দেশ

গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

  • ''
  • প্রকাশিত ৪ জুন, ২০২৪

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এন্তাজ আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এন্তাজ আলী উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সন্যাসিরচর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সন্যাসিরচর এলাকার আব্দুল আজিজ ও একই এলাকার আব্দুস সাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত রোববার (২ জুন) রাতে আব্দুল আজিজের ছেলে এন্তাজ আলী ও তার স্ত্রী তারা ভানু মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে আব্দুস সাত্তার গং তাদের পথরোধ করে হামলা চালায়।

এসময় প্রতিপক্ষের আঘাতে এন্তাজ আলী ও তার স্ত্রী তারা ভানু গুরুতর আহত হন। তাঁদের চিৎকারে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে এন্তাজ আলীর মৃত্যু হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিফুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আজিজ বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত তিন আসামিকে আটক করা হয়েছে। বাকী আসামিদের ধরতে অভিযান চলমান চলছে। মৃতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আজ মঙ্গলবার সকালে সেখানেই মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads