গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের বাইরে স্থানান্তরের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে কলেজ গেটে বিক্ষোভ সমাবেশ করেছে।
বক্তারা বলেন, রাস্তা প্রশস্তকরণের জন্য কলেজ স্থানান্তর করা প্রয়োজন, মুল শহরের মধ্যে অনেক সরকারি পরিত্যাক্ত জায়গা আছে যেখানে অনায়াসে কলেজ স্থানান্তর করা যায়। অথচ ছাত্রীদের ঝুঁকিতে ফেলে একটি স্বার্থান্বেশী মহল তাদের স্বার্থে শহরের বাইরে স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে। তারা গাইবান্ধাবাসীকে এ ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহবান জানান।
জেলা সংসদের সভাপতি পংকোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, সহ-সভাপতি তাহমিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মৈত্রী হাসান জয়িতা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি।
এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংস্কৃতিজন ও সাবেক ছাত্র নেতা দেবাশীষ দাস দেবু, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাবেক সভাপতি ও ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক তপন দেবনাথ প্রমুখ।





