গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টায় উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ জানান, বৃহস্পতিবার দুপুরে চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আরও একজন মারা যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক নারীসহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচজন। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





