গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সদর উপজেলার বিকেবাড়ি, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে একাধিক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।
সোমবার (০২ সেপ্টেম্বর) মহানগর ও জেলার একাধিক পোশাক কারখানার সামনে চাকরিপ্রার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, চাকরি না পাওয়ায় বিক্ষোভে উত্তেজিত হয়ে চাকরি প্রার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এবং কারখানার দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন কারখানার ভিতরে থাকা শ্রমিকেরাও ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং শ্রমিকদের কারখানার ভিতরে ফেরত পাঠানো হয়।
এদিকে জেলার সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ ২১ দফা দাবিতে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউক্যাল নামের ওষুধ কারখানার শ্রমিকেরা কর্মবিরতি করে আন্দোলনে নামে। এ সময় শ্রমিকেরা কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে ১১ টার দিকে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন শ্রমিক প্রতিনিধিরা।
এছাড়া ভোগরা বাইপাস কলম্বিয়া গার্মেন্টস ও দক্ষিন সালনা কলোটেক্স গার্মেন্টস এর সামনে চাকুরিতে নিয়োগে ছেলেদের বঞ্চিত করার অভিযোগে চাকুরি প্রত্যাশীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে টঙ্গীতে বিক্ষোভ করেছেন বাটা সু কোম্পানির শ্রমিকেরা। এবং ভোগরা বাইপাস একটি পোশাক কারখানার মালামাল বের করে কারখানার সামনে মহাসড়কে আগুন দিয়েছে আন্দোলনকারী শ্রমিকেরা।
গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ছামাদ মিয়া বলেন, ‘সকাল সাড়ে দশটার দিকে টেক্স ইউরো বিডি নামক কারখানার গেইটে আগুন দিয়েছে চাকুরী প্রত্যাশিত আন্দোলনকারীরা। আমি সেনাবাহিনীর সাথে ঘটনাস্থলে যাচ্ছি।’
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, ‘বিভিন্ন কারখানার বাইরে সকালে আন্দোলন হয়েছে। মোট কতগুলো কারখানায় অসন্তোষ হয়েছে তার হিসেব এখনো করা হয়নি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’





