কক্সবাজারের রামু উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালন শেষে শটগান থেকে গুলি আনলোড করার সময় এক আনসার ভিডিপি সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে কক্সবাজার জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট অমলান জ্যোতি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. বেলাল উদ্দিন (২২)।
মলান জ্যোতি নাথ জানান, প্রাথমিকভাবে শটগান থেকে গুলি আনলোড করার সময় নিহত হয়েছেন বলে জানা গেলেও ঘটনার নেপথ্য অন্য কোনো কারণ থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে। এরই মধ্যে ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালন শেষে উপজেলা কমপ্লেক্সে ফেরার পর নিজেদের শটগান থেকে গুলি আনলোড করছিলেন বেলালসহ কয়েকজন সদস্য। এ সময় ‘ভুলবশত’ গুলি বের হয়ে বেলালের মাথায় লাগে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার শটগান থেকে গুলি বেরিয়েছে নাকি অন্য কারও শটগান থেকে বেরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, প্রাথমিকভাবে বিষয়টি মিসফায়ার বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





