রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গোয়ালন্দ পৌরসভা ৮নং ওয়ার্ডের রফিক মৃধার ছেলে মো. সুজন মৃধাকে (২৫) হত্যার উদ্দেশ্যে হামলা করার মামলায় তাকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি পৌর ৯ নং ওয়ার্ড আলম চৌধুরীর পাড়ার আলতাফ হোসেনের ছেলে আল মাহমুদ মিশা।
মামলার এজাহারের মাধ্যমে সুজন মৃধা জানান, বুধবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে আমি মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলাম । অপরদিকে আল মাহমুদ মিশা বাড়ির সামনে বসে বাশেঁর চটা চাচছিলেন। পূর্ব বিরোধের জের ধরে আল মাহমুদ মিশা তাহার বাড়ির সামনে থেকে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ মারে। এ সময় আমি মাথা সরিয়ে ফেলি। পরে দা দিয়ে আমার মাথা লক্ষ্য করে কোপ দিলে আমি তাহার হাত ধরে ফেলি। ওই সময় তাহার হাতে থাকা ধারালো দায়ের পিছনের অংশ আমার গলার বাম পাশে লেগে জখম হয়। তিনি আমাকে ধাক্কা দিয়ে পাকা রাস্তার উপরে ফেলে দিয়ে আমাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুসি মারতে থাকে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে এসে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করি।
সুজন মৃধা গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযুক্ত গোয়ালন্দ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশাকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।





