রাজবাড়ীর গোয়ালন্দে মুজিব বর্ষের ক্ষণ গণনা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘ডিজিটাল নিরাপত্তা ও সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আব্দুল হালিম মিয়া কলেজের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় কলেজের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ বিলকিস আক্তারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের প্রতিষ্ঠাতা গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদৎ হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম দুলাল চন্দ্র সরকার, জনতা ব্যাংকের ডিজিএম সরোয়ার হোসেন, এজিএম আক্তার হোসেন, ইস্ট্রান ব্যাংক লি: এর সাবেক ডিএমপি কামাল তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, ফ্রান্স প্রবাসী আশরাফুল আলম, শোয়েব হাসান, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সাধারন সম্পাদক শামীম শেখ প্রমুখ।
প্রাবন্ধিক তার প্রবন্ধে প্রযুক্তি ব্যবহারের নানাবিধ সতর্কতা এবং ক্ষতির বিষয়ের প্রতি আলোকপাত করেন। একইসাথে কিভাবে নিরাপদ প্রযুক্তি ব্যবহার করা যায় সে বিষয়েও পরামর্শ প্রদান করা হয় মূল প্রবন্ধে। অন্যান্য বক্তারা ডিজিটাল ক্ষেত্রে বর্তমান সরকারের নানান অবদান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম সম্পূর্ণ রুপে ইন্টারনেট ভিত্তিক। যে ইন্টারনেটকে প্রযুক্তির কল্যাণে ব্যবহার করার কথা, সেটাকে গুজবের হাতিয়ার হিসাবেও ব্যবহার করা হচ্ছে। আমরা ইন্টারনেটে ব্যবহারে আনাড়ি তবুও আমাদের হাতে সব ধরনের প্রযুক্তি আছে। আর এজন্য প্রযুক্তি অপব্যবহার হবে এটাই স্বাভাবিক, এখন আবার ভার্চুয়ালি চাঁদাবাজি সহ তথ্য চুরির ঘটনা ঘটছে। তাই ইন্টারনেট ব্যবহারে সতর্ক ও সচেতন না হলে অপুরনীয় ক্ষতির সম্ভাবনা থাকে।
গোয়ালন্দ প্রবাসী ফোরামের সৌজন্যে অনুষ্ঠিত সেমিনারে সহযোগিতা করে গোয়ালন্দ ফাউন্ডেশন, গোয়ালন্দ প্রেসক্লাব, আলোকিত গোয়ালন্দ, রাজবাড়ীবিডি.কম, গোয়ালন্দ শিশু সংসদ।





