আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর মতো মাপের নেতা বিশ্বে আর জন্মগ্রহণ করবেন না। তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না তিনি আন্তর্জাতিক বিশ্বের নেতাও ছিলেন। তার রক্তের কেউ যাতে বেঁচে না থাকে ওই পরিকল্পনা করেই ঘাতকরা স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর বেঁচে থাকা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একাধিকবার হত্যার চেষ্টা চালায়। তাই সবাইকে ঘাতক ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সর্তক থাকার আহবান জানান প্রবীণ এই নেতা।
বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে আজ সোমবার জেলা পরিষদ মিলনায়তনে ভোলা জেলা যুবলীগের আয়োজনে স্মরণসভা ও এক হাজার হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ।
এ সময় তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর সঙ্গে থাকার দিনগুলোর স্মৃতিচারণ করেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বঙ্গবন্ধকে কিভাবে মূল্যায়ন করতেন তাও তুলে ধরেন । ভোলার প্রসঙ্গ তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, জেলায় যুবলীগকে শক্তিশালী করতে হবে। এলাকায় যুবলীগ কর্মীদের কাজ করতে হবে। বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করে গেছেন। তার দ্বিতীয় স্বপ্ন ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ওই কর্মসূচি সফল করতে হবে দলের সকল নেতাকর্মীকে সব ধনের ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান তিনি।
জেলা যুবলীগ সভাপতি পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা যুবলীগ সম্পাদক আতিকুল ইসলাম। স্মরণসভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা রুবাইয়াত হোসেন সুসান।





