ঘুরে দাঁড়াবে ঢালিউড

ফাইল ছবি

শোবিজ

ঘুরে দাঁড়াবে ঢালিউড

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০২০

দেশীয় ছবির সুদিন কবে ছিল, এখন হয়তো অনেকেরই মনে নেই। ছবির গৎবাঁধা গল্প, সস্তা রোমান্স, ফাঁকা ডায়ালগ, অসম্পূর্ণ গান সর্বোপরি ঢালিউডের বিষয়ে পরিচালক-প্রযোজক ও শিল্পীসহ কলাকুশলীদের চরম উদাসীনতার কারণে আজ বাংলা ছবি পতনের মুখে। এর ভবিষ্যৎ সম্পর্কে কেউ সুখবর দিতে পারবে না।

তবে গত বছরের ব্যর্থতাকে ঝেড়ে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ঢাকাই চলচ্চিত্র এগিয়ে যাবে এমন প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কারণ নতুন বছরে বেশকিছু ভালো ছবি মুক্তির অপেক্ষায় আছে। যেগুলো নির্মাণের শুরু থেকেই রয়েছে আলোচনায়। চলচ্চিত্রবোদ্ধাদের ধারণা, ছবিগুলো মুক্তি পেলে হয়তো চলচ্চিত্র শিল্প আবার ঘুরে দাঁড়াবে। ব্যবসার মুখ দেখবে চলচ্চিত্রপাড়া।

২০২০ সাল নায়কদের মধ্যে সবার চেয়ে এগিয়ে থাকবেন সিয়াম আহমেদ। এখন পর্যন্ত যা হিসাব তাতে করে হাফ ডজনেরও বেশি সিনেমা মুক্তি পাবে তার। সেই তালিকায় অন্যতম নাম ‘শান’। আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে পুলিশ থ্রিলার ছবিটি নির্মাণ করছেন নবীন নির্মাতা এম রহিম। সিয়াম, পূজা ও তাসকিন অভিনীত সিনেমাটি নিয়ে আশায় বুক বেঁধেছেন অনেকেই।

‘অপারেশন সুন্দরবন’ ছবিটি বছরের আলোচিত ছবি হতে পারে। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবিটি তৈরি হচ্ছে সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযানকে কেন্দ্র করে। সফল পরিচালক, নায়ক রিয়াজের প্রত্যাবর্তন, সফল নায়ক সিয়াম, দুই বাংলার পরিচিত মুখ নুসরাত ফারিয়া, সময়ের জনপ্রিয় অভিনেতা রোশান, মনোজ প্রামাণিক, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদের মতো তারকারা ছবিটির রোশনাই বাড়িয়েছেন।

আগের বছরের মতো ২০২০ সালেও ঢালিউড মাতাবেন শাকিব খান। শাকিব খান ঢালিউডের কিং হিসেবে রাজত্ব করছেন বেশ কয়েক বছর ধরে। ২০১৯ সালে তার অভিনীত ‘পাসওয়ার্ড’ একমাত্র ব্যবসা সফল ছবির তকমা পায়। নতুন বছরে এই নায়কের বেশ কিছু ছবি মুক্তি পাবে। কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবিতে বুবলীকে নিয়ে শাকিব ঢালিউড মাত করবেন। সেইসঙ্গে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন বুবলী। শাকিব-বুবলী জুটির ছবি সাধারণত সবসময়ই দর্শক পেয়েছে। সেদিক থেকে এই ছবি দিয়ে সফল হবেন দুই তারকা আশা করাই যায়।

২০২০ সালে আরিফিন শুভ ‘মিশন এক্সট্রিম’ ছবিতে নিজের ঝলক দেখাবেন। ‘ঢাকা অ্যাটাকে’র বিশাল সাফল্যের পর একই প্রযোজনা সংস্থা নির্মাণ করছে ছবিটি। এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেশ।

এ বছর ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম এবার  নির্মাণ করছেন রোমান্টিক সিনেমা। দর্শক এই ছবির মধ্য দিয়ে আবারো একসঙ্গে পেতে যাচ্ছেন ‘মনপুরা’ ছবির পরিচালক-নায়ক জুটিকে। সেলিমের পরিচালনায় আবারো চঞ্চল চৌধুরীকে দেখবেন দর্শক। সেইসঙ্গে ছবিটিতে চমক হিসেবে থাকবে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে নতুন মুখ শাহনাজ সুমী। আরো আছেন সবার প্রিয় আফসানা মিমি, ফজলুর রহমান বাবুর মতো নামিদামি তারকারা।

২০২০ সালে পরিচালক রায়হান রাফীর মুক্তি পাবে তিনটি সিনেমা। তার মধ্যে দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকতে পারে তার ‘ইত্তেফাক’ ছবিটি। এখানে চিত্রনায়ক সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম।

পাশাপাশি রাফীর পরিচালনায় ‘পরাণ’ ছবিটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে। ইয়াশ রোহান ও শরীফুল রাজের এই ছবিতে দেখা যাবে লাক্স সুপারস্টার মিমকে।

টিভি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’য় প্রধান চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজসহ আরো অনেকে।

জয়া আহসান এখন পুরোদস্তুরই কলকাতার অভিনেত্রী। কালেভদ্রে তাকে দেখা যায় ঢাকাই সিনেমায়। ২০২০ সালে তাকে ‘বিউটি সার্কাস’ ছবিতে দেখার সুযোগ পাবেন দর্শক। মাহমুদ দিদার পরিচালিত ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে চারদিকে। ভিন্ন ভাবনার এই ছবিটিতে জয়ার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। আরো অভিনয় করছেন তৌকীর আহমেদসহ অনেকেই। এছাড়া জয়ার প্রযোজনায় ‘ফুড়ুৎ’ ছবিটির দেখাও এই বছরে মিলতে পারে।

ঢাকাই সিনেমার সফল দুই চিত্রনায়ক সাইমন সাদিক ও বাপ্পী চৌধুরীকেও নতুন করে পাবেন দর্শক। সাইমন পর্দায় আসবেন মাহিয়া মাহিকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ ছবিতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নির্মাণে রোমান্টিক গল্পেই দেখা যাবে তাদের। ২০১৮ সালের ‘জান্নাত’ সিনেমার মতো ‘আনন্দ অশ্রু’ দিয়ে দর্শক মাতাবেন সাইমন-মাহি এই প্রত্যাশা করাই যায়।

অন্যদিকে চিত্রনায়ক বাপ্পী নিজেকে আমূল বদলে নিয়ে হাজির হবেন ‘ঢাকা ২০৪০’ ছবিতে। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবিতে বাপ্পীর নায়িকা নুসরাত ফারিয়া ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়া বাপ্পীর ‘ডেঞ্জার জোন’ ছবিটি দর্শক টানতে পারে বলে আশা করা হচ্ছে। এখানে তার নায়িকা হিসেবে দেখা যাবে জলিকে। পাশাপাশি তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতেও বাপ্পী বাজিমাত করবেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে বাপ্পীর নায়িকা অপু বিশ্বাস। 

ফেরদৌস-পূর্ণিমা জুটির ‘গাঙচিল’ ছবিটিও মুক্তি পেতে পারে ২০২০ সালে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে এই ছবিটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। একই পরিচালক আরিফিন শুভ ও পূর্ণিমাকে নিয়ে নির্মাণ করছেন ‘জ্যাম’ নামের আরো একটি ছবি। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবিটিও মুক্তি পাবে নতুন বছরে।

জাজ মাল্টিমিডয়ার ব্যানারে সিনেমায় আসতে চলেছেন ছোটপর্দার সুপারস্টার সজল। পূজাকে নিয়ে তিনি ‘জ্বিন’ ছবিতে হাজির হবেন নাদের চৌধুরীর পরিচালনায়। জাজের ঘোষণা অনুযায়ী ‘মাসুদ রানা’ ছবিটিও ২০২০ সালে মুক্তির জন্য নির্মিত হওয়ার কথা। তবে এখন পর্যন্ত ছবিটির শুটিং শুরু হয়নি।

বিশ্বসুন্দরী পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পরীমনি। এ ছবি নিয়ে বেশ আশাবাদী পরিচালক চয়নিকা চৌধুরী। আশাবাদী এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই। শুটিং শেষ, নতুন বছরের শুরুর দিকেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। এ ছবির মাধ্যমে পরীমনি আবার লাইমলাইটে আসতে পারেন।

এছাড়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী অভিনীত ‘আদম’, স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’, কেয়া অভিনীত ‘ইয়েস ম্যাডাম’ ছবিগুলো ভিন্ন ভিন্ন ধারার দর্শককে বিনোদিত করতে পারে বলে প্রত্যাশা করা যায়। অনেক প্রত্যাশা নিয়ে মুক্তি পাবে অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ছবিটি। অন্যদিকে সেন্সর বোর্ডের জটিলতা কাটিয়ে উঠতে পারলে প্রশংসিত একটি ছবি হিসেবে তালিকা সমুদ্ধ করতে পারে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিও ভিন্ন ভাবনার দর্শকের মন ভরাতে পারে।

এছাড়া নতুন বছরে মুক্তি পাবে বলে আরো বেশকিছু সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। তার মধ্যে আছে শাবনূরকে নিয়ে জাজ, কলকাতার দেবকে নিয়ে শাপলা মিডিয়ার ছবি দুটি উল্লেখ করা যায়। এ তালিকায় আরো আছে তৌকীর আহমেদের ঘোষণা দেওয়া ছবি। ছবিগুলো যদি নির্মিত হয় তবে সেগুলো আলোচনার শীর্ষে থাকবে তা অনুমান করা যায়।

তবে গত বছরের ব্যর্থতাকে ঝেড়ে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ঢাকাই চলচ্চিত্র এগিয়ে যাবে এমন প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কারণ নতুন বছরে বেশ কিছু ভালো ছবি মুক্তির অপেক্ষায় আছে। যেগুলো নির্মাণের শুরু থেকেই রয়েছে আলোচনায়। চলচ্চিত্রবোদ্ধাদের ধারণা, ছবিগুলো মুক্তি পেলে হয়তো চলচ্চিত্র শিল্প আবার ঘুরে দাঁড়াবে। ব্যবসার মুখ দেখবে চলচ্চিত্রপাড়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads