করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী নির্দিষ্ট একটি ওয়েবপোর্টাল এবং অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে সরকার। এই পোর্টালে ৪০ ঊর্ধ্ব সাধারণ নাগরিক এবং অগ্রাধিকার ভিত্তিতে ৪০ বছরের নিচে যে-কোনো বয়সের সম্মুখ সারির করোনা যোদ্ধারা টিকা পাবে। তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করলেও, ভ্যাকসিন গ্রহণ করতে পারছে না ঘোড়াঘাট উপজেলার নাগরিকরা।
স্বাস্থ্য বিভাগ বলছে, গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রথম ধাপে দিনাজপুরের ভ্যাকসিন এসেছিল ৯৬ হাজার। এরপর দুই ধাপে আরো ৯ হাজার ডোজ টিকা এসেছে এই জেলায়। মোট ১ লাখ ৫ হাজার টিকার মধ্যে দুই ধাপে ঘোড়াঘাট উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৩ হাজার ৯৬০ ডোজ ভ্যাকসিন। টিকা পৌঁছানোর পর গত ৭ ফেব্রুয়ারি ঘোড়াঘাট উপজেলায় প্রথম ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। ৪৮ দিন পর গত ২৭ তারিখে প্রথম ধাপের বরাদ্দকৃত ভ্যাকসিন প্রদান শেষ হয় ঘোড়াঘাটে। এরপর থেকে নিবন্ধন করলেও ভ্যাকসিন না থাকায় টিকা গ্রহণ করতে পারছেন না নিবন্ধনকারীরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহম্মেদ জানান, ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় নতুন করে কাউকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। এখন যারা নিবন্ধন করছেন, তাদের দ্বিতীয় ধাপে করোনার ভ্যাকসিন আসলে টিকা প্রদান করা হবে।





