আইন-আদালত

চট্টগ্রামে চেয়ারম্যান আমজাদ হত্যায় ১০ জনের ফাঁসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২০

২১ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

আজ রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বাদিপক্ষের আইনজীবী জানান, ১৯৯৯ সালে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুদ্দিন, মানিক, তারেক, ফরোখ আহমদ, বসির আহমেদ, ইদ্রীস, জাহেদ, রাসেদ, নাসিরউদ্দিন ও জসিমউদ্দিন। এদের বাড়ি সাতকানিয়ার সোনাকানিয়া এলাকায়।  এছাড়া খালাস পেয়েছেন যারা- আবু তাহের, আবদুল মালেক, খায়ের আহমেদ, মোস্তাক আহমেদ।

রায়ের পর প্রতিক্রিয়ায় আমজাদ হোসেনের স্ত্রী ও মামলার বাদী সৈয়দা রওশন আক্তার বলেন, ‘স্বামী হত্যার বিচার চেয়ে ২১ বছর ধরে অপেক্ষা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়ে আমি আনন্দিত। আমি আর কিছু চাই না।’

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৪ অক্টোবর রাত ১২টায় সাতকানিয়া থানার মির্জাখীল বাংলাবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলার সময় আওয়ামী লীগ নেতা ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা।

হত্যাকাণ্ডের পর ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী সৈয়দা রওশন আক্তার। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads