কুমিল্লার লালমাই উপজেলার আলীশহর রেল ষ্টেশনে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় আলী শহর ষ্টেশনের আউটারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
এদিকে ইঞ্জিনে আগুন দেখে যাত্রীরা লাফিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে ট্রেনটির বিকল ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন দিয়ে একটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস। পরে চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ওই ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনায় ঢাকা হতে চট্টগ্রাম গামী মহানগর কুমিল্লা এবং চট্টগ্রাম হতে সিলেটগামী পাহাড়িকা ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে।
চট্টলা এক্সপ্রেস ট্রেনের চালক মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে এগারটায় আলী শহর ষ্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে ট্রেনটি থামিয়ে ফেলি। পরে সহকারী চালক রাশেদুল ইসলামসহ ইঞ্জিনের ভেতর গিয়ে দেখি ভাউজিং বাষ্ট হয়ে মবিল থেকে আগুন লেগেছে। এ সময় ইঞ্জিনে থাকা ফায়ার যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলি। এসময় ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
চট্টলা ট্রেনের যাত্রী শহীদ জানান, ইঞ্জিনে আগুন দেখে আমিসহ অন্যান্য যাত্রীরা ভয়ে লাফিয়ে নামতে গিয়ে ব্যথা পেয়েছি। আমার সাথে অনেক যাত্রী জীবন বাঁচাতে গিয়ে লাফ দিয়ে আহত হয়েছে।
লাকসাম লোকোশেডের ইনচার্জ সোলেমান জানান, দুঘর্টনার খবর পেয়ে উদ্বারকারী রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌছে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি পেছনের ষ্টেশন লাকসামে নিয়ে আসা হয়। ট্রেন চলাচলা একঘন্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়।
লাকসাম স্টেশন মাস্টার সাহাব উদ্দিন জানান, ট্রেনটির বিকল ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন দিয়ে একটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম- সিলেট রোডে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।





