১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এমন দিনে অনেকে ব্যস্ত থাকেন প্রিয়জনদের নিয়ে। এই দিনে অন্যরকম ভালোবাসা দিবসের আয়োজন করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর সেটি ছিল পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ। এছাড়াও ছিল কুইজ প্রতিযোগিতা এবং পথশিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন।
আজ বৃহস্পতিবার দুপুরে চবির বুদ্ধিজীবী চত্বরে চবি শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন 'পথের পাঁচালি' এবং 'লাভ ফর চিল্ড্রেন' সুবিধা বঞ্চিতদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এ আয়োজন করে।
প্রতিষ্ঠার দেড় বছরে পথ শিশুদের শিক্ষা প্রদানের পাশাপাশি দিবসগুলোতে বিশেষ আয়োজন করে থাকে সংগঠনটি। ৩৫জন পথ শিশু ‘পথের পাঁচালি'র’ তালিকাভূক্ত থাকলেও আয়োজনটিতে ছিল ৫৫জন পথ শিশু।
এ আয়োজন সম্পর্কে পথের পাঁচালি'র সভাপতি ওবায়েদ উল্লাহ বলেন, আমরা সপ্তাহের দুদিন ঘণ্টাব্যাপী সুবিধা বঞ্চিতদের শিক্ষা দিয়ে থাকি। আমাদের সাময়িক লক্ষ্য হচ্ছে এ বছরে তাদের শিক্ষাকেন্দ্রিক সকল ব্যয়ভার বহন করা। সামনে এটা আরো বিস্তৃত করার লক্ষ্যে জুনিয়রদেরও এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন।
'মুকুলে না ঝরে প্রস্ফুটিত হোক জ্ঞানের আলোয়' স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের মে মাস থেকে সামাজিক কার্যক্রম শুরু করে পথের পাঁচালি। বাংলা বিভাগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ১৫জন সদস্য এর কার্যক্রম পরিচালনা করে আসছে। সপ্তাহের শুক্রবার ও শনিবার বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী পথশিশুদের শিক্ষা দিয়ে থাকে তারা। তাদের শিক্ষা সামগ্রীর ব্যয় বহনে সংগঠনের সদস্যরা নিজ থেকে চাঁদা দিয়ে থাকে। এছাড়াও বিশেষ আয়োজনে সমাজের গুণি ব্যক্তিদের সহযোগিতা নেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে
জুবাইর উদ্দিন





