সম্প্রতি বার্ধক্যজনিত রোগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শাউকাত কাইফি। অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী শাবানা আজমির মা।
মৃত্যুর সময় শাবানার মায়ের বয়স হয়েছিল ৯৩ বছর। তার মৃত্যুর খবর বলিউডে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নামে। অনেক তারকাই ছুটে আসেন শাবানা আজমির বাড়িতে, অভিনেত্রীকে সান্ত্বনা দিতে।
শাবানার মায়ের মৃত্যুর খবর পেয়ে অভিনেত্রীর বাড়িতে হাজির হন টাবু, বনি কাপুর, ঊর্মিলা মাতন্ডকরসহ আরো অনেকেই।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বার্ধক্যজনিত রোগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শাবানা আজমির মা শাউকাত কাইফি। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখান থেকে বাড়ি ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বার্ধক্যজনিত রোগের সঙ্গে হূদরোগেও আক্রান্ত ছিলেন শাউকাত কাইফি। শনিবার ২৩ নভেম্বর দুপুরে মৃতের শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানা গেছে।
শাবানা আজমির মা শাউকাত কাইফি নিজেও একজন নামজাদা অভিনেত্রী ছিলেন। জনপ্রিয় কবি কাইফি আজমির স্ত্রী হিসেবে পরিচিতি পেয়েও, অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন শাউকাত।
২০০২ সালে কাইফি আজমির মৃত্যুর পর ‘কাইফি অ্যান্ড আই’ বলে একটি বই লেখেন শাউকাত কাইফি। সেটি বেশ সাড়া ফেলেছিল।





