চাঁদপুরে করোনা পরীক্ষার আর ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে চারজনের রিপোর্ট ঢাকা থেকে এবং একজনের রিপোর্ট কুমিল্লা থেকে এসেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জন। আর একজনের পজিটিভ রিপোর্ট এসেছে মৃত্যুর পরে। তাই আগের ৪ জনসহ করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।
সোমাবর দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১০ জনের। এর মধ্যে ৪ জনের পজিটিভ, ৬ জনের নেগেটিভ। আর ১ জন নমুনা দিয়েছেন কুমিল্লায়। তার রিপোর্টও পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ২ জন, ফরিদগঞ্জের ২ জন এবং শাহরাস্তির একজন। তিনি আরো বলেন, ফরিদগঞ্জের আক্রান্ত ব্যক্তি শাহ আলম পাটওয়ারী (৬৫) গত বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে আজকে রিপোর্ট আসার পরে জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
এই পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রিপোর্ট পাঠানো হয়েছে ১ হাজার ১২৮ জনের। রিপোর্ট এসেছে ৯৬৮ জনের। অপেক্ষমান রয়েছে ১৬০ জনের।





