চাঁদপুরের হাজীগঞ্জে সেলফ হোম কোয়ারেন্টাইন না মানায় ২ প্রবাসীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপরে উপজেলায় বিদেশ প্রত্যাগতদের দেখতে এবং সাধারণ জনগণকে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া। এসময় উপজেলার সদর ইউনিয়নের সুুহিলপুর গ্রামের ইতালি ফেরত মৃত অলিউল্যাহর ছেলে মো. আ. আজিজ কোয়ারেন্টাইন ব্যবস্থা না মানায় প্রাথমিক অবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় ইউপি চেয়ারম্যান মীর সফিকুল ইসলাম তার সাথে ছিলেন।
পরে উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নে সদ্য আমেরিকা থেকে আসা মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. দাউদ পাটওয়ারী (৩৩) কে সেলফ হোম কোয়ারেন্টিন না মেনে এলাকার হাট বাজারে চলাচল করায় তাকে সাবধান করে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং তাদেরকে কমপক্ষে ১৪ দিন সেলফ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া বিদেশ থেকে আসা এসব প্রবাসীদের পরিবারদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, দেশ, জাতি ও নিজের পরিবারের জন্যও হলেও আপনাদের সচেতন হতে হবে।
এ সময় তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, হাজীগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) সাধন চন্দ্র সাহা, সিইও মো. নাসিরউদ্দিনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।





