চাঁদপুর মেঘনা নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে ১৫ মণ (৬০০ কেজি) ইলিশের পোনা জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যবৃন্দ।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক এম ভি কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫ মন (৬০০ কেজি) জাটকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার চাঁদপুর, লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান ও কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম নাসিরুদ্দিন এর নেতৃত্বে চাঁদপুর মোহনায় উক্ত অভিযান পরিচালনা করেন। শুক্রবার দুপুরে জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন এবং সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদের উপস্থিতিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।





