কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের টহল দল অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চ থেকে ৬০০ কেজি (১৫ মণ) পাঙ্গাশের পোনা জব্দ করেছে।আজ রোববার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার দিবাগত রাতে চাঁদপুরের মেঘনা মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাঙ্গাশের পোনা জব্দ করা হয়।
লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় হাতিয়া থেকে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০০ কেজি পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙ্গাশ মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে রোববার দুপুরে পাঙ্গাশ মাছের পোনা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী উপস্থিত ছিলেন। তিনি বলেন, পদ্মা ও মেঘনার নদীর মেহনা দেশী পাঙ্গাশের প্রজনন কেন্দ্র, কিছু অসাধু জেলেরা বড় বড় চাই দিয়ে দেশী পাঙ্গাশ মাছের পোনা নষ্ট করে থাকে। অসাধু জেলেরা যাতে অবৈধভাবে মাছের পোনা নষ্ট করতে না পারে এ ব্যপারে মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ অন্যান্য জনপ্রতিনিধিদের প্রচেষ্টা অব্যহত আছে বলে জানান তিনি।





